Loading...

  • 26 Jul, 2026

যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি, প্রশাসনে প্রথম বড় রদবদল

যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি, প্রশাসনে প্রথম বড় রদবদল

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনো কোনো আদেশ জারি হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগদানপত্র পাঠাতে পারবেন। এরই মধ্যে কোনো কর্মকর্তার কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের তথ্য উল্লেখ করে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই পদোন্নতির পর প্রশাসনে যুগ্ম সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তারা অগ্রাধিকার পেয়েছেন। পাশাপাশি পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

সরকারের ‘উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, উপসচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব পদে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালনের পাশাপাশি মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে একজন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।