Loading...

  • 26 Jun, 2026

ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, জেনে নিন সঠিক নিয়ম

ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, জেনে নিন সঠিক নিয়ম

 

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আবেদন গ্রহণ শুরু হবে। তবে আবেদনপত্র পূরণে সামান্য ভুল, অসম্পূর্ণ তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

ভারত ভ্রমণে আগ্রহী আবেদনকারীদের প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে প্রদত্ত সব তথ্য অবশ্যই পাসপোর্ট ও অন্যান্য নথির সঙ্গে মিল থাকতে হবে। আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী ধাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে সাইনআপ করতে হবে। সাইনআপের সময় অবশ্যই ভিসা আবেদনপত্রে ব্যবহৃত একই ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর ই-মেইল ও মোবাইল নম্বরে পৃথক ওটিপি পাঠানো হবে, যা যাচাই করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই বিকেল ৫টার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হবে না।

ওয়েবফাইল হিসেবে অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ আপলোড করতে হবে। আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে বা সম্পাদিত (এডিটেড) ফাইল আপলোড করলে তা গ্রহণযোগ্য হবে না। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে—

  • কমপক্ষে ৬ মাস মেয়াদ এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট।
  • পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি।
  • পাসপোর্ট নবায়নের তথ্য থাকলে সংশ্লিষ্ট কপিও জমা দিতে হবে।
  • পূর্বের সব পাসপোর্ট।
  • তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি।
  • সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যুকৃত বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল।
  • চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
  • কমপক্ষে ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
  • অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্রের কপি।
  • আবেদনপত্রে নির্ধারিত স্থানে স্ক্যান করা ছবি সংযুক্ত করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের সব পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

ভিসা ফি ও সার্ভিস চার্জ

পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি দিতে হবে না। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় এই অর্থ অনলাইনে পরিশোধ করতে হবে।

যেসব কারণে আবেদন বাতিল হতে পারে

  • আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান।
  • অসম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়া।
  • ৩০ দিনের বেশি পুরোনো আবেদনপত্র ব্যবহার।
  • নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য ফাইল আপলোড করা।
  • পাসপোর্ট ও আবেদনপত্রের তথ্যের মধ্যে অসঙ্গতি।
  • পূর্বের পাসপোর্ট জমা না দেওয়া।
  • নির্দেশিকা অনুসরণে ত্রুটি বা নির্ধারিত সময়সীমা মেনে আবেদন না করা।

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy