ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ (রোববার, ২৬ জুলাই) প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্বও সেখান থেকেই সম্পাদিত হবে।
এদিকে সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। তার বাসভবনে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।