বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হলেও ভোটগ্রহণের প্রথম দিকে তেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। রোববার (৭ জুন) সকাল ১০টায় রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ভোটগ্রহণ শুরু হলেও প্রথম ভোটটি পড়তে সময় লাগে প্রায় ৩৫ মিনিট।
নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই নির্বাচনকে ঘিরে উত্তাপহীন পরিবেশ লক্ষ্য করা গেছে। তবে ভোটগ্রহণ উপলক্ষে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম এলাকায় চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন জেলা ও বিভাগের কাউন্সিলর, ভোটার এবং পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে উপস্থিত হন।
এবারের বিসিবি নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২-এর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। কারণ এই ক্যাটাগরিতেই মূল লড়াই সীমাবদ্ধ রয়েছে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন।