দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী অর্থবছরের ব্যয় কাঠামো নির্ধারণের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম বাজেট অধিবেশন। ফলে সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার, উন্নয়ন কৌশল এবং রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এতে অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই বাজেট অধিবেশন আহ্বান করেন।