বলিউড অভিনেতা আমির খানকে লক্ষ্য করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিও বার্তায় নিজেদের গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে দুই ব্যক্তি আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। আমির মুসলিম হলেও তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে প্রকাশিত পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়, এ ধরনের সম্পর্ক দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের পরিপন্থী।
ভিডিও বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই পরিচয়ধারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এমন কর্মকাণ্ডকে উৎসাহিত করবেন, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও দাবি করেন, ‘স্টারডমের আড়ালে এ ধরনের প্রচারণা বরদাশত করা হবে না।’
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেসবুক পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে দেওয়া এই হুমকির সত্যতা যাচাই করছে মুম্বাই পুলিশ। তবে আমির খান কিংবা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই গ্যাং একাধিকবার বলিউড অভিনেতা সালমান খান ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিল। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের সূত্র ধরে সালমানকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে তার মুম্বাইয়ের বাসভবনের বাইরেও গুলির ঘটনা ঘটে।
বর্তমানে ২০১৫ সাল থেকে কারাগারে থাকা লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে ৩০টিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন। ভারতীয় তদন্ত সংস্থাগুলোর দাবি, কারাগারে থেকেও তিনি আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনা করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশ এই চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানও পরিচালনা করেছে।