Loading...

  • 26 Jul, 2026

টাঙ্গাইলে রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

টাঙ্গাইলে রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ

টাঙ্গাইল সদর উপজেলায় মাসুদ মিয়া (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকার একটি রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ মিয়া ওই গ্রামের লাল মাহমুদের ছেলে এবং স্থানীয় কুইজবাড়ী বাজারে দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী জানান, মরদেহ উদ্ধারের সময় নিহতের এক কান কাটা ছিল এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। এসব আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।