শুক্রবার (৮ মে) বিকেলে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিজয়ের। রাজনৈতিক মহলের ধারণা, এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কংগ্রেসের পাঁচজন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই ও সিপিএমের সমর্থন পেয়েছে টিভিকে। এর ফলে নতুন সরকার গঠনের পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে বিজয়ের দল। দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয় টিভিকে।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শুরুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কংগ্রেস, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর পরিস্থিতি বদলে যায় এবং মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা জোরালো হয়।