দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনবল সংকট দূর করে দেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও মানসম্মত করাই সরকারের প্রধান লক্ষ্য।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের প্রকৃত পরিস্থিতি জানতে এবং স্বাস্থ্যসেবার মান সরাসরি মূল্যায়নের জন্য আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, রোগীরা কী ধরনের সেবা পাচ্ছেন এবং কীভাবে স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করা যায়—এসব বিষয় যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যখাতে জনবল বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে, যাতে কিডনি রোগীরা নিজ নিজ এলাকায় চিকিৎসাসেবা নিতে পারেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, টিকা এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। এসব সরবরাহ নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিত কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে স্বাস্থ্য অবকাঠামো, জনবল বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে একযোগে কাজ করছে।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি ও অন্যান্য সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
সরকারের এই নতুন নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দীর্ঘদিনের জনবল সংকট অনেকটাই কমবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।