আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল নেতাদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচন কমিশন এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও এবং এবার দলীয় প্রতীক না থাকলেও, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণের মাধ্যমে নির্বাচনে ভালো ফল নিশ্চিত করতে এখন থেকেই মাঠপর্যায়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে দীর্ঘ সাংগঠনিক বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া বৈঠক রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তিকে প্রার্থী নির্বাচনের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান।
সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের ওপর দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে মতৈক্য না হলে বিষয়টি জেলা নেতৃত্ব দেখবে। এরপরও সমাধান না হলে বিভাগীয় নেতৃত্ব এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম কিছুটা ধীরগতিতে পরিচালনা করা হবে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে যাতে দলীয় কোন্দল বা অসন্তোষ সৃষ্টি না হয় এবং তার প্রভাব নির্বাচনে না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিএনপির নেতারা জানান, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয়ভাবে একক প্রার্থী নির্ধারণ করা গেলে দলগতভাবে তাকে সমর্থন দেওয়া হবে। এজন্য তৃণমূল পর্যায়ে সমন্বয় ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক বলেন, দলের চেয়ারম্যান স্থানীয় পর্যায়ের সব ধরনের বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দলীয় প্রতীকবিহীন নির্বাচন নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সে অনুযায়ী এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। এসব বৈঠকের মাধ্যমে সংগঠনের বর্তমান অবস্থা পর্যালোচনা, নেতাকর্মীদের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তারেক রহমান।
এর আগে ১৮ জুলাই রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপি চেয়ারম্যান। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।