Loading...

  • 26 Jul, 2026

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটল

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ অভিনেত্রী কেলি হটল

হলিউডের জনপ্রিয় ‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ১৮ বছর

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি কালভার্টে আঘাত হানে। গাড়িটিতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর দ্রুত তাকে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালকও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে কেলি হটলের। তার অভিনীত চরিত্রটি ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম কিশোরী, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত। চরিত্রটির মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকদের প্রশংসা অর্জন করেন।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। তিনি জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন এবং টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অভিনয়ের পাশাপাশি শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক বিনোদন জগৎ গড়ে তোলার ক্ষেত্রে তার উপস্থিতি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

তার অকাল মৃত্যুতে হলিউড, ভক্ত-অনুরাগী এবং সহশিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।