জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারাই দেশের উন্নয়ন ও অগ্রগতির নেতৃত্ব দেবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান শিশুদের উদ্দেশে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, প্রশাসক এবং দেশগড়ার দক্ষ নেতৃত্ব তৈরি হবে। তাই এখন থেকেই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; একজন মানুষের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি থাকতে হবে। ছোটবেলা থেকেই এসব মূল্যবোধ চর্চা করলে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানান। শিশুদের পরিবেশনা উপভোগ করে তাদের প্রতিভার প্রশংসা করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আশা প্রকাশ করেন, সঠিক শিক্ষা ও পরিচর্যার মাধ্যমে এসব শিশু নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। এ সময় তিনি শিশুদের আত্মবিশ্বাসী হয়ে স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আগামী প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, পরিবার এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।