Loading...

  • 26 Jul, 2026

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা সমীচীন নয়।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম সেই বক্তব্য প্রচার করছে, যা বাস্তবতা হিসেবে সরকারের নজরে এসেছে।

তিনি বলেন, “অনেক গণমাধ্যম এই কাজ করছে। আদালতের নির্দেশনা মানা হচ্ছে না—এটি একটি বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন আদালতের নির্দেশনা মেনে চলে এবং এ ধরনের প্রচার থেকে বিরত থাকে।”

ডা. জাহেদ উর রহমান জানান, বিষয়টি নিয়ে সরকার আপাতত সতর্কতামূলক অবস্থানে রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রথম ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন মেনে চলা সব গণমাধ্যমের দায়িত্ব। গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান পর্যায়ে সরকার কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের দিকে যাচ্ছে না। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্য দেশীয় জনগণ বিভিন্ন মাধ্যমে জানতে পারে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক তথ্যপ্রবাহের যুগে কোনো বক্তব্য পুরোপুরি গোপন রাখা সম্ভব নয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় বাংলাদেশের গণমাধ্যমে সেই বক্তব্য প্রচারের প্রশ্নটি ভিন্নভাবে বিবেচিত হওয়া উচিত।

ডা. জাহেদ উর রহমানের মতে, আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমগুলোর উচিত আইনগত বাধ্যবাধকতা মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করা। এতে আইনের শাসন ও গণমাধ্যমের পেশাগত মান উভয়ই সমুন্নত থাকবে।

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম, তথ্যপ্রবাহ এবং গণমাধ্যম সম্পর্কিত সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়।