ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধটি ভারত সরকার পরীক্ষা করে দেখছে। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। একই সঙ্গে শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও কোনো আলোচনা হয়েছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, সেই অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।”
এর বাইরে বাংলাদেশ-ভারতের মধ্যে এ বিষয়ে অতিরিক্ত কোনো কূটনৈতিক যোগাযোগ বা শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।