প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও সেবা নিশ্চিত করতে সরকারের সব মন্ত্রণালয়কে সমন্বিত করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটি’র সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনকে দয়া বা সহানুভূতির বিষয় হিসেবে নয়, বরং তাদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করছে সরকার। সেই লক্ষ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে প্রতিটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব টয়লেট স্থাপন বাধ্যতামূলক করা হবে। এছাড়া পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে সরকার উৎসাহ দিচ্ছে এবং এসব যানবাহনকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ড. এম এ মুহিত আরও জানান, চলতি অর্থবছরে ‘শিশু স্বর্গ’ কর্মসূচির আওতায় দেশের অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা ও বিশেষত্বকে সামনে নিয়ে আসতে চায় সরকার। রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার অধিকারের সম্পর্ক বাস্তবায়নের মাধ্যমে তাদের মর্যাদা, অংশগ্রহণ এবং সমঅধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।