Loading...

  • 26 Jul, 2026

সায়েদাবাদ হবে শুধু সিটি বাসের টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদ হবে শুধু সিটি বাসের টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে ভবিষ্যতে শুধু সিটি বাস পরিচালনার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে আন্তঃজেলা বাসগুলো পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে গুলিস্তান বাস টার্মিনালও নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন এবং উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সায়েদাবাদ বাস টার্মিনাল তার নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হয়নি। যাত্রী ওঠানামার কেন্দ্র হওয়ার পরিবর্তে এটি অনেকাংশে বাস রাখার গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। অথচ একটি টার্মিনালের মূল উদ্দেশ্য হলো যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ওঠানামার সুযোগ নিশ্চিত করা।

তিনি জানান, টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আপাতত প্রতিটি পরিবহন কোম্পানি সর্বোচ্চ একটি বা দুটি বাস টার্মিনালের ভেতরে অপেক্ষমাণ রাখতে পারবে। এর বেশি বাস রাখার অনুমতি দেওয়া হবে না।

যান চলাচল আরও স্বাভাবিক করতে টার্মিনালে তিনটি পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো. আবদুস সালাম বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এ লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, যাত্রীসেবার মান বাড়াতে টার্মিনালের বিভিন্ন সুবিধা উন্নয়ন করা হচ্ছে। প্রয়োজন হলে আরও অবকাঠামোগত সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য পৃথক পার্কিং ও অবস্থানের ব্যবস্থাও করা হবে।

টার্মিনালের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আগে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিয়ম অনুযায়ী হকার ও ভেন্ডরদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত না হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, সায়েদাবাদকে সিটি বাসের জন্য নির্ধারণ, আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর এবং গুলিস্তান বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমবে এবং নগর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।