Loading...

  • 26 Jul, 2026

‘শাসক নয়, জনগণের সেবক হোন’—সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শাসক নয়, জনগণের সেবক হোন’—সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের নিজেদের ‘শাসক’ নয়, বরং জনগণের প্রকৃত ‘সেবক’ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। তার মতে, গত ১৭ বছরে জনপ্রশাসনে যে রাজনৈতিক প্রভাব ও রাজনীতিকরণের সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে দ্রুত বেরিয়ে আসা প্রয়োজন। একটি দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হলে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নীতিনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত করা জরুরি। শুধু আনুষ্ঠানিকতা পালনের জন্য নয়, বরং বাস্তব ফলাফল অর্জনের লক্ষ্যেই সরকারি কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি শ্রেণি হিসেবে তাদের দায়িত্বও অনেক বেশি। তাই জনগণের ওপর কর্তৃত্ব করার মানসিকতা পরিহার করে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সব কার্যক্রম আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হতে হবে। নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই প্রশাসনের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সঠিক নীতি প্রণয়নের জন্য নির্ভুল তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তথ্যব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষির আধুনিকায়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বয়ে কৃষিনির্ভর শিল্প (এগ্রো-ইন্ডাস্ট্রি) গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি জনসংখ্যা ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।