Loading...

  • 25 May, 2026

শাপলা চত্বর ঘটনার তদন্তে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর ঘটনার তদন্তে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার তথ্য একত্র; তদন্ত প্রায় শেষ, ৭ জুন প্রতিবেদন

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার ট্রাইব্যুনালে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী ৫ মে (দিন ও রাত) ঢাকার শাপলা চত্বরে ৩২ জন নিহত হন এবং তাঁদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, বাকিদের ক্ষেত্রে কবর ও পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, ৬ মে নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এই ৫৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত আছে এবং নির্ধারিত সময়েই তা জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রাথমিকভাবে ৫৭ জন নিহতের তথ্য পাওয়া গেলেও সর্বশেষ তদন্তে কুমিল্লায় আরও একজনের মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

উল্লেখ্য, শাপলা চত্বরের ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ সরকারের তৎকালীন একাধিক উচ্চপদস্থ ব্যক্তি ও সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy