Loading...

  • 25 May, 2026

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য ও বিএনপির নেতারা।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপস্থিত নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যাগ:
তারেক রহমান, মিজানুর রহমান সিনহা, বিএনপি, জানাজা, জাতীয় সংসদ, খালেদা জিয়া, মুন্সিগঞ্জ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, একমি ল্যাবরেটরিজ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy