Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়, সিদ্ধান্তে কাল জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত নয়, সিদ্ধান্তে কাল জামায়াত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও এ বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে আগামী শনিবারের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একমাত্র বৈধ প্রার্থী থাকলে নির্বাচন ছাড়াই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোট প্রদান করেন। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

বিএনপির দলীয় সূত্র জানায়, গত সপ্তাহে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে বয়স, শারীরিক সক্ষমতা, সাংগঠনিক প্রয়োজন এবং সরকারে দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। এ কারণে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আগের তুলনায় ছোট করা হয়েছে।

অন্যদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এখনো রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শনিবার অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলটি নির্বাচন বর্জন, নিজস্ব প্রার্থী দেওয়া অথবা অন্য কোনো প্রার্থীকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অন্যান্য বিরোধী দলও এখনো তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানায়নি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।