Loading...

  • 26 Jul, 2026

রাজধানীতে অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

রাজধানীতে অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা নিশ্চিত করতে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে এসব সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালক ও যানবাহনের মালিকদের সচেতন করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রপাতি শনাক্ত করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকতে এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্যও একটি বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় রাজধানীজুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিকদের আইন মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।