Loading...

  • 26 Jul, 2026

পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্তে নিকারের চূড়ান্ত অনুমোদন

পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্তে নিকারের চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। এছাড়া প্রকল্পটির সঙ্গে ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রমও সংশ্লিষ্ট থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিল।

এসব জটিলতা নিরসনের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দেয়। নিকার সভায় প্রস্তাবটি অনুমোদন পাওয়ায় ভবিষ্যতে প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

সভায় দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন করেছে নিকার।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা ও থানা গঠনের ফলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পাবেন। একই সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নাগরিক সেবা ব্যবস্থাপনা আরও সহজ হবে।