Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়’, প্রশিক্ষণ সমাপনীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়’, প্রশিক্ষণ সমাপনীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল অপরাধ দমন, সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবিষ্যতে কোনো নাগরিক যেন পুলিশি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।

সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান।