Loading...

  • 26 Jul, 2026

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীদের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ রিং

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীদের হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপ জয়ের গৌরব এতদিন সীমাবদ্ধ ছিল ট্রফি ও বিজয়ী পদকের মধ্যেই। তবে এবার সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং, যা তাদের ঐতিহাসিক সাফল্যের স্থায়ী স্মারক হিসেবে বিবেচিত হবে।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের জন্য মোট ৩০টি কাস্টমাইজড রিং তৈরি করা হবে। ফাইনাল ম্যাচ শেষে মাঠেই অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা ব্যক্তিগত রিং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

প্রতিটি রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয়, পৃথক সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিতকারী (অথেনটিসিটি) সনদ। ফিফা মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য, আর বাকি ১ হাজার ৯৯৬টি সীমিত সংস্করণ হিসেবে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপজয়ী ফুটবলারদের অর্জনকে আরও স্মরণীয় করে রাখতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিংও এখন থেকে বিশ্বকাপ জয়ের অন্যতম মর্যাদাপূর্ণ স্মারক হয়ে উঠবে।

এদিকে আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে রয়েছে। এবারই প্রথম সেই ম্যাচের বিজয়ীরা নতুন এই বিশেষ সম্মাননার অংশ হবেন।