Loading...

  • 26 Jul, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা জোরদারের আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা জোরদারের আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন এবং বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রতি আস্থা আরও শক্তিশালী হয়েছে।

আইএলও মহাপরিচালক জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও বিস্তৃত করতে সংস্থাটি আগ্রহী। শ্রম খাতের সংস্কার, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে আইএলও।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে আইএলও মহাপরিচালক পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক অর্জনেরও প্রশংসা করেন।

আলোচনায় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব, নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।