বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে। ফলে বৈঠকে আলোচিত বিষয় ও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো এবং সরকারি পর্যায়েও এ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, তারেক রহমান জনবান্ধব নেতা এবং ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সাধারণ মানুষের জন্য ভিসা প্রাপ্তির খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ভারতীয় হাইকমিশনার। একই সঙ্গে ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা, প্রত্যাশা ও সম্ভাবনার মধ্যে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জনগণের যোগাযোগ আরও বাড়াতে বৈঠকটি নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।