নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি কাটার ঘটনায় ছড়িয়ে পড়া উদ্বেগকে গুজব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, প্রকল্পের প্রয়োজনেই অস্থায়ীভাবে ভরাট করা মাটি অপসারণ করা হচ্ছে এবং এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় ওই এলাকায় জলাধার থাকায় নির্মাণসামগ্রী পরিবহনের সুবিধার্থে তা সাময়িকভাবে ভরাট করা হয়েছিল। প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ায় এখন সেই অস্থায়ী মাটি অপসারণ করা হচ্ছে, যা প্রকল্পের পরিকল্পনারই অংশ।
তিনি বলেন, এই কাজের উদ্দেশ্য ভায়াডাক্টের ক্ষতি করা নয়; বরং এটি সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে সহায়ক। মাটি অপসারণের ফলে প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। তাই ভায়াডাক্টের নিচে মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে।
শেখ রবিউল আলম জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এ কাজেও ভায়াডাক্ট বা রেললাইনের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী আরও বলেন, পুরো অবকাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।