লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ২০ ও ২১ জুলাই দুই দফায় উপজেলার পঞ্চশীলবাড়ী সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়ার জন্য সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়।
প্রথম দফায় সোমবার দুপুরে ভারতের কোচবিহার জেলার বিপরীত অংশে বিএসএফের সদস্যরা প্রায় ৫০ গজ এলাকায় কাজ শুরু করলে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের টহল দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলেও বিজিবির আপত্তির মুখে বিএসএফ সদস্যরা নির্মাণসামগ্রী সরিয়ে সেখান থেকে ফিরে যায়।
পরদিন মঙ্গলবার একই এলাকায় আবারও সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা হলে বিজিবি পুনরায় বাধা দেয়। পরে উভয় বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নিলে ঘটনাস্থলেই কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে এ ধরনের স্থাপনা নির্মাণ গ্রহণযোগ্য নয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয়েই অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে ৬১ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিএসএফ ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটির পরিবর্তে সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছিল। বিজিবি আপত্তি জানালে তারা কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে।