Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

অর্থ আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

অর্থ আত্মসাতের অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ব্যবসায়ী এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছে ইসলামী ব্যাংক পিএলসি।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ব্যাংকের ঋণ অনুমোদন, অর্থ উত্তোলন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকে দেওয়া অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযোগে আরও বলা হয়েছে, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঋণ অনুমোদনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে অবৈধভাবে ঋণ সুবিধা পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদকে দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের পুরো প্রক্রিয়ায় কী ধরনের অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা হয়েছে। ওই তদন্তে ঋণ অনুমোদন, অর্থ ছাড় এবং অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি শনাক্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে দুদকে দায়ের করা অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো তদন্তাধীন। অভিযোগের সত্যতা এবং কারও অপরাধের দায় চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। দুদকের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাই হবে।