বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ব্যক্তিজীবনের এক অজানা অধ্যায় প্রকাশ করেছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ের আগেই রাজধানীর গুলশানের এক ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি সেই তরুণীকেই জীবনসঙ্গী হিসেবে দেখতে চেয়েছিলেন বলে জানিয়েছেন এই ঢালিউড সুপারস্টার।
শুক্রবার (২৪ জুলাই) রাতে চ্যানেল আইয়ের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে নিজের জীবনের প্রথম প্রেম, সম্পর্ক ভাঙার কষ্ট এবং সেই সময়ের নানা স্মৃতি তুলে ধরেন শাকিব খান।
অনুষ্ঠানে শাকিব জানান, তরুণীটি একটি সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের সদস্য ছিলেন। তিনি বলেন, “মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও।”
অভিনয় জীবনের শুরুর কয়েক বছর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। তবে সময়ের সঙ্গে ছোট ছোট অভিমান ও ভুল বোঝাবুঝি সম্পর্কটিকে ভেঙে দেয়।
সম্পর্ক বিচ্ছেদের কারণ সম্পর্কে শাকিব বলেন, “বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয়েও অভিমান হয়। আমাদেরও তাই হয়েছে। ভালোবাসা বেশি ছিল, তাই ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কী থেকে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। বিষয়টি এখনো আমার কাছে রহস্য।”
অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তিনি এখনো অনুশোচনা করেন কি না। জবাবে কোনো দ্বিধা না রেখে শাকিব বলেন, “একদম, খুব।”
প্রথম প্রেমের স্মৃতি বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। তিনি বলেন, “আমি ওখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কাকে ভালোবাসলাম, আর শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম! কীভাবে ঘটনাটা ঘটল, আমি নিজেও বুঝতে পারিনি।”
এখনও কি সেই মানুষটিকে মনে পড়ে—এমন প্রশ্নের উত্তরে শাকিব জানান, মাঝেমধ্যে তার কথা মনে হয়। তবে বহুদিন ধরেই তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং নতুন করে যোগাযোগ করারও ইচ্ছা নেই। তিনি বলেন, সেই তরুণীর আগের বাসার সামনে দিয়ে এখনো তার যাতায়াত হয়, কিন্তু তিনি আর খোঁজ নেওয়ার চেষ্টা করেন না। বরং বিশ্বাস করেন, সেই মানুষটি জীবনে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।
আলোচনার একপর্যায়ে ভাগ্যের প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যা তাকে বিশ্বাস করায়—সবকিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না। অনেক বিষয়ই সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করে।
উল্লেখ্য, প্রথম প্রেমের সম্পর্ক পরিণতি না পেলেও পরবর্তীতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তবে বর্তমানে সেই সম্পর্কগুলো নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।