Loading...

  • 21 Jun, 2026

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন, ১৬তম দফায় সময় পেল সিআইডি

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন, ১৬তম দফায় সময় পেল সিআইডি


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৬তম বারের মতো সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত তারিখে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান। তিনি জানান, তদন্তকারী সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত আগামী ২৮ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

আলোচিত এই মামলার ভুক্তভোগী ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় সশস্ত্র হামলার শিকার হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চলতি বছরের ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্র নিয়ে সন্তুষ্ট না হয়ে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর থেকে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। এরপর একাধিকবার সময় নিয়েও এখন পর্যন্ত সংস্থাটি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি। সর্বশেষ আদেশ অনুযায়ী আগামী ২৮ জুন মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

আইনজীবীদের মতে, বহুল আলোচিত এই মামলার তদন্ত দীর্ঘায়িত হওয়ায় বিচারপ্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার সব দিক যাচাই-বাছাই করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে।

এদিকে মামলার অগ্রগতি নিয়ে ভুক্তভোগীর পরিবার ও সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy