Loading...

  • 26 Jul, 2026

নেত্রকোনায় শিশুর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ফেসবুক ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি

নেত্রকোনায় শিশুর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ফেসবুক ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি

গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত; চিকিৎসক হুমকি ও সাইবার হয়রানির শিকার
বিস্তারিত
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মাদ্রাসাশিক্ষক এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চললেও এখনো তার অবস্থান নিশ্চিত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয় একটি ক্লিনিক এবং পরে জেলা হাসপাতালে পরীক্ষার মাধ্যমে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর পরিবার মামলার উদ্যোগ নেয় এবং পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
এরই মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ দেওয়া হচ্ছে এবং প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি আইনের প্রতি আস্থা রেখে সঠিক তদন্তের দাবি জানান।
অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির মা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, কষ্ট করে মেয়েকে পড়াশোনার জন্য মাদ্রাসায় পাঠিয়েছিলেন, কিন্তু এই ঘটনার পর তিনি চরম হতাশা ও ক্ষোভে রয়েছেন।
ঘটনাটির চিকিৎসা সংক্রান্ত বিষয় নিশ্চিত করা চিকিৎসকও বর্তমানে হুমকি ও সাইবার হয়রানির শিকার হচ্ছেন। তার পরিবার জানিয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অপমানজনক মন্তব্যের পাশাপাশি গুরুতর হুমকিও দেওয়া হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির খোঁজখবর নেওয়া হয়েছে। তাকে পুষ্টিকর খাদ্য, চিকিৎসা সহায়তা এবং মানসিক কাউন্সেলিং দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মামলা দায়েরের আগেই অভিযুক্ত শিক্ষক পরিবারসহ পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।