জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের সত্যায়িত কপিও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
বিচারিক কার্যক্রম শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সহযোগিতা করা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
সরকারি সূত্র বলছে, আদালতের রায় কার্যকর করার লক্ষ্যে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। বিষয়টি এখন দুই দেশের বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার আওতায় বিবেচিত হবে।