ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ উপস্থিত নেতাদের আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
এর আগে সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী দলগুলো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: এনডিটিভি