Loading...

  • 26 Jul, 2026

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির দাবিতে প্রধানমন্ত্রীর জবাব

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিনের সাপ্তাহিক ছুটির দাবিতে প্রধানমন্ত্রীর জবাব

মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর দাবি উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিশ্রুতি না দিয়ে বিষয়টিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মেডিকেল শিক্ষকদের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি রসিকতার সুরে বলেছেন, তিনিও সপ্তাহে সাত দিন কাজ করেন।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় পর্বে এ বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত এক মেডিকেল শিক্ষার্থী সপ্তাহে দুই দিনের ছুটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

ওই শিক্ষার্থী বলেন, বর্তমানে সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিনই মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে হয়। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার পর সপ্তাহে মাত্র একদিন ছুটি পাওয়া যায়। কিন্তু সেই একদিনের বড় একটি অংশও পরবর্তী ক্লাস ও পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করতে হয়। ফলে পর্যাপ্ত বিশ্রাম বা ব্যক্তিগত সময় পাওয়ার সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের একাডেমিক চাপের কারণে অনেক শিক্ষার্থীর কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং শেখার আগ্রহ কমে যায়। একই সঙ্গে অতিরিক্ত চাপ মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, যা অনেক ক্ষেত্রে হতাশা ও মানসিক ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতি বিবেচনায় অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্যও সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর দাবি জানান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিষয়টি একটি কারিগরি ও একাডেমিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। তাই এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে মেডিকেল শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ চিকিৎসক এবং নীতিনির্ধারকদের মতামত ও বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই যথাযথ হবে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এটি আপনাদের বিষয়, একটি টেকনিক্যাল বিষয়। আমি জানি না এটা ওভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয়, এটা বোধহয় উনাদের। উনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়।”

আলোচনার শেষদিকে পরিবেশকে কিছুটা হালকা করতে প্রধানমন্ত্রী রসিকতার সুরে বলেন, “তবে একটা কথা বলতে পারি, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।” তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরার সুযোগ পান।