মানব পাচার এবং প্রযুক্তিনির্ভর প্রতারণা থেকে দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক মানব পাচার চক্র ও অনলাইন স্ক্যাম নেটওয়ার্কের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বিশ্ব মানব পাচারবিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘Trapped Behind the Scam: Ending Human Trafficking for Forced Criminality’ শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে মানব পাচারের কৌশল আরও জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। অপরাধী চক্রগুলো এখন শুধু প্রচলিত উপায়ে নয়, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণ-তরুণী ও চাকরিপ্রত্যাশীদের প্রতারণার ফাঁদে ফেলছে। তাই এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মানব পাচার ও অনলাইনভিত্তিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সরকার এ বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।