Loading...

  • 26 Jul, 2026

লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, গভীর সাগরে যেতে নিষেধ

লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, গভীর সাগরে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এ সতর্কবার্তা জারি করে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া এবং সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। তাই সমুদ্রগামী নৌযান ও জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।