কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
বুধবার (৬ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের দিকে গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের বোন কোহিনুর আক্তার জানান, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অক্সিজেন সংকট থাকায় বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি বলেন, নিহতের মরদেহ এখনও ঢাকায় রয়েছে এবং স্বজনদের সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।