Loading...

  • 26 Jul, 2026

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আগামী ৩ জুলাই তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে ইরান। আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার এই আয়োজনকে একটি ‘ঐতিহাসিক ও মহিমান্বিত অনুষ্ঠান’ হিসেবে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উপস্থিত থাকার আহ্বান জানান।

আমন্ত্রণ গ্রহণের পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন বাংলাদেশের স্পিকার। সফরকালে তিনি ইরানের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

ইরান সরকার আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠে অবস্থিত কোম শহরে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ জুলাই তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ঐতিহাসিক শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশটির রাজনীতি, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।