Loading...

  • 21 Jun, 2026

‘কাঁচা রাস্তা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন খান

‘কাঁচা রাস্তা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন খান


জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। সাম্প্রতিক সময়ে তার ওই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান বলেন, দেশের বিভিন্ন এলাকার সড়কের বাস্তব অবস্থা তুলে ধরতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।

তিনি বলেন, “আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো সঠিক বাংলাতেই ‘কাঁচা রাস্তা’ বলেছি। এখন আমি কী বলব? ডার্ট রোড বা আনপেইভড রোড বললে সাধারণ মানুষ কি সহজে বুঝতেন? তাই মানুষের কাছে পরিচিত ও বোধগম্য শব্দই ব্যবহার করেছি।”

জেবা আমিন আরও বলেন, সংসদে আলোচনার সময় তিনি দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরতে চেয়েছিলেন। বিশেষ করে রংপুর অঞ্চলের সড়ক পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম যাতে আরও কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেজন্যই তিনি বিষয়টি সংসদে উত্থাপন করেছেন।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সড়ক অবকাঠামোর দুর্বল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। তার অভিযোগ ছিল, বিগত সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, দেশের অনেক এলাকায় এখনো কাঁচা রাস্তা ও অপর্যাপ্ত যোগাযোগব্যবস্থার কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দেওয়ারও আহ্বান জানান তিনি।

সংসদে দেওয়া ওই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য করেন, আবার কেউ কেউ স্থানীয় অবকাঠামোগত সমস্যার বাস্তবতা তুলে ধরার জন্য তাকে সমর্থনও জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে ব্যবহৃত শব্দ ও বক্তব্য প্রায়ই জনমনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। জেবা আমিন খানের ‘কাঁচা রাস্তা’ মন্তব্যও তেমনই একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy