চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ১.৮০ বিলিয়ন ডলার) রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা অতিরিক্ত প্রায় ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তুলনামূলকভাবে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।
প্রবাসী আয়ের ইতিবাচক এই ধারা পুরো মাসজুড়েই অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৬ থেকে ১৮ জুলাই—মাত্র তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৫৬ কোটি ৭০ লাখ ডলার।
সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। সরকারের বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং সেবার উন্নয়ন এবং বৈধ পথে অর্থ পাঠানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণেই রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।