Loading...

  • 26 Jul, 2026

জুলাইয়ের ২২ দিনেই ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স, বেড়েছে ২৩.৪ শতাংশ

জুলাইয়ের ২২ দিনেই ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স, বেড়েছে ২৩.৪ শতাংশ

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) হিসেবে এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে আরও শক্তিশালী করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৭০ মিলিয়ন (২.১৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২২ জুলাই একদিনেই এসেছে ৭৫ মিলিয়ন ডলার

গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ২৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন (৩৬.৪৮ বিলিয়ন) মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন (৩১.৭৮ বিলিয়ন) মার্কিন ডলার

অর্থনীতিবিদদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।