Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ১৫.৪ শতাংশ

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ১৫.৪ শতাংশ

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা বিনিময় হার অনুযায়ী)। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে বৈধ চ্যানেলে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২০২৫–২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। ফলে নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে (জুলাই–জুন) বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। এর আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।