রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের একপর্যায়ে জাদুঘরে সংরক্ষিত একটি প্রতীকী লাল টেলিফোনের মাধ্যমে প্রদর্শনীর অংশ হিসেবে রাখা শেখ হাসিনার একটি কল রেকর্ডের অডিও শোনেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।
জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন ধাপ, আত্মত্যাগের ঘটনা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্মারক স্থান পেয়েছে। এসব প্রদর্শনীর মধ্যে থাকা একটি লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার কল রেকর্ডও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে অতীতের ঘটনাপ্রবাহ, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরবে। তিনি বলেন, এই জাদুঘর জাতীয় স্মৃতিকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
জাদুঘর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং প্রদর্শনীগুলোর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।