আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, টহল কার্যক্রম এবং সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কাজ করছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি র্যাব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানস্থল, রোডমার্চ, পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন র্যাব সদস্যরা, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
র্যাব আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসের এক সপ্তাহ আগে থেকেই ইউনিফর্মধারী ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা ঠেকাতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা বলেছে, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।