Loading...

  • 19 Aug, 2026
সর্বশেষ

‘জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে’—রুহুল কবির রিজভী

‘জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে’—রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম জুলাই বিপ্লবের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তার ভাষ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল পরিণতি লাভ করেছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। জুলাইয়ের ঘটনাপ্রবাহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ সেই আন্দোলনকে সফল করেছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। তার দাবি, হার্টের রিংয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের ফলে এর মূল্য কমেছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তও সাধারণ মানুষের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে নির্বাচন কমিশনের কাছে দলটির আয়-ব্যয়ের হিসাব যথাসময়ে জমা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জানান, স্থানীয় নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে অংশ নেবে নাকি জোটগতভাবে নির্বাচন করবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।