ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এ হামলায় একটি আধুনিক মার্কিন রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং শেল্টারের ভেতরে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির কেন্দ্রীয় কমান্ডের প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাহিনীর এরোস্পেস শাখা নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অভিযানটি পরিচালনা করে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে মার্কিন বাহিনীর রাডার নজরদারি সক্ষমতা দুর্বল করা, যাতে ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনায় কৌশলগত সুবিধা অর্জন করা যায়।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) বা জর্ডান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। এছাড়া আইআরজিসির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের হামলার দাবি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর পড়তে পারে।
সূত্র: আল জাজিরা