Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান

ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান

ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাঁচিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। দূরপাল্লার বাসে তল্লাশি চালানো হয় এবং নিরাপত্তার কারণে শহরের অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। বিভিন্ন এলাকা থেকে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে তারা রাজধানীতে এসে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের বিধানসভা অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। জলকামানের পানির তোড়ের সামনে কয়েকজন শিক্ষার্থীকে নাচতে দেখা যায়। এ দৃশ্য ভারতের বিহারের পাটনায় নিট পরীক্ষার অনিয়মবিরোধী আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এর আগে আন্দোলনকারীদের সঙ্গে লাঠিচার্জের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছিলেন। এরপরও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন টানা ১৬ দিন ধরে চলছে। আন্দোলনকারীরা পরীক্ষাগুলোতে অনিয়মের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছেন।

অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান জানান, মোট ১৩টি পরীক্ষার মধ্যে সরকার মাত্র তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, এটি আন্দোলনকারীদের দাবির তুলনায় যথেষ্ট নয়। অন্যদিকে ঝাড়খণ্ড সরকার দাবি করেছে, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে।

এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সিআইডির তলবের পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে এখনো পুরোপুরি সমঝোতা না হওয়ায় আন্দোলন অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি