আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরটি ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
নিউইয়র্কে সরকারি কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে বড় পরিসরে একটি নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছেন। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর নিউইয়র্কে উপস্থিত থাকার কথা রয়েছে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সফর শেষে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
বিশ্লেষকদের মতে, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত জুলাই মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন তারেক রহমান। ওই সফরে জনশক্তি, বাণিজ্য, করিডোর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার আগে আপাতত অন্য কোনো রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা নেই।