Loading...

  • 23 Oct, 2026
সর্বশেষ

ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

ইতালির লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’

আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের এই চলচ্চিত্রটি ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। ৪ অক্টোবর উৎসব কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা করে।

তাসকানি অঞ্চলের লুক্কা শহরে অনুষ্ঠিত এবারের উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘মাস্টার’। প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরি বোর্ড ‘মাস্টার’কে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত করে।

পুরস্কার পাওয়ার খবর জানিয়ে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সিনেমাটির পুরো কলাকুশলী দলের প্রতিও কৃতজ্ঞতা জানান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই স্বীকৃতি ‘মাস্টার’ সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি স্বীকৃতি।

জুরি বোর্ডের মূল্যায়নে, স্থানীয় একটি গল্পের মধ্য দিয়ে সমকালীন বিশ্বে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে সংকটের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরেছে ‘মাস্টার’। সিনেমাটির চিত্রনাট্য এবং একজন শিক্ষকের সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারকে কেন্দ্র করে নির্মিত গল্পও জুরি সদস্যদের প্রশংসা পেয়েছে।

‘মাস্টার’ সিনেমায় একজন আদর্শবাদী শিক্ষকের গল্প তুলে ধরা হয়েছে। সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর দায়বদ্ধতা ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা পরবর্তীতে রাজনৈতিক ব্যবস্থার নানা বাস্তবতা, ক্ষমতার প্রভাব এবং ব্যক্তিস্বার্থের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। গল্পের মধ্য দিয়ে ব্যক্তিগত আদর্শ ও রাজনৈতিক বাস্তবতার এই দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে।

এর আগে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামেও স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে সিনেমাটি বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করে। পরে ৭৩তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালেও সিনেমাটি প্রদর্শিত হয়।

‘মাস্টার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ ও তাসনোভা তামান্নাসহ অনেকে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ধারাবাহিক স্বীকৃতি পেলেও ‘মাস্টার’ এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও পুরস্কার পাওয়ার পর দেশের দর্শকরা সিনেমাটি কবে বড় পর্দায় দেখতে পারবেন, সেটিই এখন আলোচনার বিষয়।